অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষের পর জটলা, সেই জটলার উপর উঠে গেল বাস
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় জটলার উপর বাস উঠিয়ে দিলে হতাহত হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষকে কেন্দ্র করে প্রথমে সড়কে জটলার সৃষ্টি হয়। সেই জটলার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাস উঠে পড়লে তিনজন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের ওই অংশে সেতুর সংস্কার কাজ চলায় যান চলাচল ধীর ছিল। এ সময় স্পিডব্রেকারে ধীরগতিতে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর দুই পক্ষের চালক-যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে সড়কে যানজট ও জটলা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর দুই গাড়ির যাত্রী ও আশপাশের লোকজন রাস্তায় জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এ সময় পেছনে থাকা যানবাহনগুলোও আটকে পড়ে। ঠিক ওই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা দোয়েল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার ওপর উঠে পড়ে।
আবদুল কাদের নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, অ্যাম্বুলেন্সের পেছনে শ্যামলী পরিবহনের ধাক্কার ঘটনায় প্রাণহানি ঘটেনি। দুই পক্ষ তখন তর্কাতর্কি করছিল। বাসের কিছু যাত্রী গাড়িতে, কিছু যাত্রী বাইরে ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে দোয়েল পরিবহনের বাসটি এসে ধাক্কা দেয়। মুহূর্তে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে দুইজন ও পরে আরো একজন মারা যান।
নিহতদের একজন মো. মোরশেদ। তার বন্ধু মো. সুমন বলেন, সংঘর্ষের পর মোরশেদ গাড়ি থেকে নেমে অন্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নিচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির ওই বাসটি তাদের ওপর উঠে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আবদুল কাইয়ুম নামের ফেনীর এক বাসিন্দা বলেন, ঈদের এই ব্যস্ত সময়ে মহাসড়কে সংস্কার কাজ সড়ক বিভাগের হটকারী সিদ্ধান্ত। তাদের এ সিদ্ধান্তের কারণে এতগুলো প্রাণ ঝরে গেল।
এ ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫), ওই বাসের যাত্রী ঢাকার লালবাগের বাসিন্দা সোহাগ মণ্ডল (২৭) এবং ঢাকার বাংলামোটর এলাকার ব্যবসায়ী মো. মোরশেদ (৪০) রয়েছেন।
মোরশেদ স্ত্রী-সন্তানকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। প্রথম সংঘর্ষের পর তিনি পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে দিতে গাড়ি থেকে নেমে যান। এ সময়ই দোয়েল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জটলার ওপর উঠে পড়ে এবং তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।
আহতদের মধ্যে রয়েছেন মো. রানা (৪০) ও মো. সোহেল (৩০)। তারা নিহত সোহাগ মণ্ডলসহ ঢাকার নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করেন এবং ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই এলাকায় সেতুর সংস্কার কাজ চলায় সড়কে ধীরগতি ও যানজট তৈরি হচ্ছিল, যা দুর্ঘটনার একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা/সাহাব/বকুল