ঈদুল আজহার আগেই হাতিয়া নৌপথে বাড়ছে ফেরি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাতিয়া উপজেলার নলচিরা নৌ-ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান
নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে ঈদুল আজহার আগেই নৌপথে ফেরির সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শনিবার (৪ এপ্রিল) হাতিয়া উপজেলার নলচিরা নৌ-ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, হাতিয়াবাসীর যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে চলমান ফেরির সঙ্গে দ্রুতই আরও একটি ফেরি যুক্ত করার প্রক্রিয়া চলছে। এর ফলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা পরিস্থিতির বাস্তব চিত্র দেখতে সরাসরি মাঠে এসেছি। দলমত নির্বিশেষে দ্বীপের সকল মানুষের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। দীর্ঘদিনের ফেরি সংকট ও নৌযান সমস্যা নিরসনে আধুনিক সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান নৌপথের উন্নয়নে বেশ কিছু কারিগরি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এছাড়াও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/সুজন/ফিরোজ
তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগের হুঁশিয়ারি আইনমন্ত্রীর