নেশার জন্য টাকা না দেওয়ায় দোকানদারকে হত্যা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত মামুনুর রশিদ জুয়েল।
রাজশাহীর পুঠিয়ায় নেশার জন্য টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিখানা দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মাইনুল ইসলাম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে সদরের ত্রিমোহনী বাজারে হত্যাকাণ্ডটি ঘটে।
অভিযুক্তের মাইনুল ইসলাম কাঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসে ছিলেন। এ সময় মাইনুল দোকানে প্রবেশ করে এবং নেশা করার জন্য টাকা দাবি করেন। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় মাইনুল ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন। পরে আশপাশের লোকজন আহত জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”
ঢাকা/মাহী/মাসুদ
আজ রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী