সিলেটে পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয়
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে, তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”
তিনি বলেন, “আগামী ২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন।”
মন্ত্রী বলেন, “গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে। নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
বিচার ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, “অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, “আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।”
ঢাকা/রাহাত/মাসুদ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫