তেলের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় লুটিয়ে পড়েন আলাউদ্দিন
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীর মোহনপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক গ্রাহকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আলাউদ্দিন আলম (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
ঢাকা/মাহী/রাজীব
২ জাহাজ আটক করেছে ইরান