ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাল সংস্কার কাজের কারণে সাময়িক পানি জমার সমস্যা হয়েছিল: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৪১, ৩০ এপ্রিল ২০২৬
খাল সংস্কার কাজের কারণে সাময়িক পানি জমার সমস্যা হয়েছিল: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় বুধবার সন্ধ্যায় সংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “খাল সংস্কার কাজের কারণে চট্টগ্রামে সাময়িকভাবে পানি জমার সমস্যা তৈরি হয়েছিল। চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না, বরং স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। হঠাৎ অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক পানি জমলেও তা দ্রুত নিষ্কাশন হয়েছে।”

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচার হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মিল নেই। সীমিত একটি অংশে পানি জমেছিল, যা দ্রুত কমে এসেছে।”

তিনি বলেন, “হিজড়া খালে সংস্কারকাজ চলার সময় দেওয়া ব্যারিকেডের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। কাজ শেষের পথে থাকায় আগামী পাঁচ দিনের মধ্যে ব্যারিকেড সরিয়ে খাল সচল করা হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ৩৬টি খাল সংস্কার প্রকল্পের মধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে। বাকি কয়েকটি খালের কাজ এমন পর্যায়ে রয়েছে যা বড় ধরনের সমস্যার কারণ হবে না।”

প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কাজ করছে। নির্ধারিত সময়ের আগেই বৃষ্টিপাত হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে, সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত সমাধানে কাজ করছে, বলেও জানান তিনি।

নগরবাসীর ভোগান্তির বিষয়ে দুঃখ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, “বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ চলায় অনেক সময় দায় এককভাবে নির্ধারণ করা কঠিন হয়। তবুও জনগণের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়