ময়মনসিংহে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ধোবাউড়ায় দুলাল খাঁ (৫৭) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকালে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল খাঁ ওই এলাকার মৃত মোকাররম খাঁর ছেলে। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ধান ব্যবসায়ী দুলাল খাঁ রবিবার রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন, কাজের চাপ বেড়ে যাওয়ায় রাতে ফিরতে পারেননি। তবে, সকালে বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে একটি পুকুরের পাড়ে গলাকাটা অবস্থায় দুলাল খাঁর মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা/মিলন/রফিক