ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালিতে পুলিশের অভিযানে অস্ত্র-ইয়াবাসহ আটক ৬

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৪ মে ২০২৬  
নোয়াখালিতে পুলিশের অভিযানে অস্ত্র-ইয়াবাসহ আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারি আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। একই সঙ্গে পৃথক আরেকটি অভিযানেও কয়েকজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)। অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া, পৃথক অভিযানে আরো ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে আব্দুস শহীদ স্বপন চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮ নম্বর আসামি।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা/সুজন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়