সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে গতি আসবে: এলজিআরডি মন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) সঙ্গে যৌথ উদ্যোগে দেশের পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) সচিবালয়ে সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে দুই পক্ষ।
মন্ত্রী বলেন, “পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।”
সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/জান্নাত
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু