ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ৪ মে ২০২৬  
পঞ্চগড়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মনিরকে আদালতে পাঠায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রবিবার (৩ মে) রাতে নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

গ্রেপ্তার মনির হোসেন শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার বিয়ে হয় শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে মনির হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল। রবিবার (৩ মে) সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে মনির হোসেন স্ত্রী আরজিনাকে মারপিট করে। আরজিনা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা/নাঈম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়