ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার থেকে আসা ইয়াবার চালান ঢাকায় জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৪ মে ২০২৬   আপডেট: ১৮:২৬, ৪ মে ২০২৬
কক্সবাজার থেকে আসা ইয়াবার চালান ঢাকায় জব্দ

ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে আনা দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুর্জয় দত্ত (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে একটি দল রবিবার (৩ মে) বিকেল ৩টায় ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে দুই লাখ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করে।

এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছুদিন ধরে  কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।”

তিনি বলেন, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ওই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে নিশ্চিত হই যে, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কালো রঙের প্রিমিও প্রাইভেট গাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ঢাকার ওয়ারী এলাকায় সরবরাহ করবে। সে সূত্র ধরে আভিযানিক টিম ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট থেকে ওই গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডার থেকে ইয়াবা উদ্ধার করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের সরবরাহ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া একই দিনে রাজধানীতে পৃথক চারটি অভিযানে পাঁচ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ (২৮) নামে একজন, বনানীর টিএন্ডটি মাঠ ও কড়াইল বস্তি থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪) নামে দুই জন, সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবি (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে অন্য একটি অভিযানে জোয়ার সাহারা কুড়িলের কুরিয়ার সার্ভিস সেন্টারের ভেতরের স্ক্যানিং মেশিনের সামনে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে ভাটারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ৭টায় মো. সেলিম আশরাফ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ, চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ ও সরঞ্জাম উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ, ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়