ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:০৩, ৪ মে ২০২৬   আপডেট: ১৯:০৪, ৪ মে ২০২৬
রাজধানীতে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি মেস থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

আবিদ হাসান কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস ও ইন্টার্নশিপ শেষ করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

আবিদের বন্ধু ও রুমমেট দীপ্ত সিংহ জানান, তারা দুজনেই কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে পাস করে গত তিন মাস ধরে ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিভাগে চাকরি করছিলেন। শাহবাগের ওই মেসে তারা একসঙ্গেই থাকতেন।

দীপ্ত গণমাধ্যমকে বলেন, “সকালে বের হওয়ার সময়ও আবিদকে স্বাভাবিক দেখে গিয়েছি। দুপুরে তার বড় ভাই ফোন করে জানান যে আবিদ ফোন ধরছে না। পরে রুমে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

আবিদ হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামের আহসান হাবিবের ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও আদরের।

তার বড় ভাই জাহিদ হাসান কান্নায় ভেঙে পড়ে বলেন, “প্রতিদিন দু-তিনবার ওর খবর নিতাম। আজ সকালেও কথা হলো। দুপুরে বারবার ফোন দিয়েও না পেয়ে ওর বন্ধুকে পাঠাই। জিসানের হাই প্রেশার ছিল, নিয়মিত ওষুধ খেত। কিন্তু এভাবে সে চলে যাবে তা ভাবিনি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়