নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার সিদ্ধান্ত ইসির
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় যেকোনো সময় তার নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আদালতের আদেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ করে। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি তিনি। আইন অনুযায়ী, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করার সিদ্ধান্ত দিয়েছি।”
তিনি আরো বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশ করা হচ্ছে এবং ভবিষ্যতে আদালত ভিন্ন কোনো নির্দেশ দিলে সেটিও যথাযথভাবে প্রতিপালন করা হবে।”
এদিকে, একই আসনে এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ায় জটিলতা সৃষ্টি হয়। সরকারি চাকরি ছাড়ার নির্ধারিত সময় পূর্ণ না হওয়ায় তিনি অযোগ্য ঘোষিত হন এবং আপিলেও তার মনোনয়ন বহাল থাকেনি। পরে বিষয়টি আদালতে গড়ায়।আদালতে আজ বিষয়টি শুনানির কথা থাকলেও বিচারক শুনানি করতে অপারগতা প্রকাশ করেন।
এর আগে মনিরা শারমিনের প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ার প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের পর নুসরাত তাবাসসুম জ্যোতি মনোনয়ন জমা দিলে তা প্রথমে গ্রহণ করা হয়নি। তবে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা তা বৈধ ঘোষণা করেন।
রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় আইনগতভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার আইনি ভিত্তি রয়েছে।
ঢাকা/এমএসবি/এসবি
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু