ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেঞ্চুরির আক্ষেপ সাইফ-আশিকুরের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৪ মে ২০২৬   আপডেট: ২১:১২, ৪ মে ২০২৬
সেঞ্চুরির আক্ষেপ সাইফ-আশিকুরের

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে কোনো সেঞ্চুরি হয়নি। তবে নব্বইয়ের ঘরে ঢুকেছিলেন দুজন। বসুন্ধরা স্ট্রাইকার্সের সাইফ হাসান ৯৬ রানে রান আউট হন। লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার আশিকুর রহমান শিবলি ৯৯ রানে নট আউট থাকেন। 

দুজনই নিশ্চিতভাবেই সেঞ্চুরির আক্ষেপ করেছেন। তবে তাদের আক্ষেপ দূর হয়েছে দলের জয়ে। লিজেন্ডস অব রূপগঞ্জ ২২ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা স্ট্রাইকার্স ২৬ রানে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। 

ক্রিকেটার্স একাডেমিতে আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে ২৮৩ রান করে। জবাবে রূপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে ২৬১ রানের বেশি করতে পারেনি। আশিকুর রহমান শিবলি ৮৪ বলে ৯৯ রান করেন। ১১ চার ও ৩ ছক্কা ছিল তার ইনিংসে। 

ইনিংসের শেষ ওভারে তার সেঞ্চুরির জন্য ৩ রান লাগত। সুমন খানের করা প্রথম বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন তিনি। পরের তিন বলে একটি ছক্কা ও দুটি চার হাঁকান শেখ মাহেদী। পঞ্চম বলে তার ব্যাট থেকে আসে ১ রান। ওভারের শেষ বলে ২ রান করলে আশিকুরের সেঞ্চুরি পূর্ণ হতো। কিন্তু ১ রানের বেশি নিতে পারেননি তিনি। 

আরেক অপরাজিত ব্যাটসম্যান শেখ মাহেদী ১৬ বলে ৪৯ রান করেন। ৫ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। এদিন রূপগঞ্জের হয়ে ইরফান শুক্কুর ৬০ ও সাইমুন বশির ৪৬ রান করেন। জবাব দিতে নেমে কালাম সিদ্দিকী অলিনের ৭৮ ও মুক্তার আলীর ৫২ রানে রূপগঞ্জ টাইগার্স জবাব দেয়। কিন্তু জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না।

পিকেএসপির ২ নম্বর মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স ৫ উইকেটে ২৮০ রান করে। গুলশান ক্রিকেট ক্লাবের ইনিংস থেমে যায় ২৫৪ রানে। জাতীয় ওয়ানডে দলের ওপেনার সাইফ ১২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৯৬ রান করেন। এছাড়া ফজলে মাহমুদ ৮২, সোহান ৪৩ রান করলে দিনের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় পুঁজি পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। 

বোলিংয়ে নাহিদুল ও রুয়েল মিয়া ৩টি করে উইকেট নিয়ে গুলশান ক্রিকেট ক্লাবকে চাপে রাখেন। তাদের বিপক্ষে জবাব দেন কেবল জুবায়ের হোসেন। ৬৯ বলে ৭৩ রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে আব্দুর রহিম ৩২ রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।

এদিকে দিনের অন্য দুই ম্যাচে অগ্রণী ব্যাংককে ১৫৩ রানে অলআউট করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে জয় তুলে নেয়। ৪ উইকেট নিয়ে তাদের জয়ের নায়ক স্পিনার আলিস আল ইসলাম। 

ব্রাদার্স ইউনিয়ন মাত্র ৮২ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। গাজী গ্রুপ ৯ উইকেটে জয় পায় ১৪.৩ ওভারেই। 

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়