ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন শিক্ষার্থীর গলায় স্যান্ডেলের মালা: প্রধান শিক্ষিকাকে শোকজ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৪ মে ২০২৬   আপডেট: ২২:৪৮, ৪ মে ২০২৬
তিন শিক্ষার্থীর গলায় স্যান্ডেলের মালা: প্রধান শিক্ষিকাকে শোকজ

বগুড়ার সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আম খাওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলসানারা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন।

গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের একটি গাছ থেকে কয়েকজন শিক্ষার্থী আম পেড়ে খায়। পর দিন বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষিকা তাদের ডেকে প্রথমে বেত্রাঘাত  ও পরে তাদের স্যান্ডেল দিয়ে মালা পরিয়ে এবং গলায় ‘আমচোর’ লিখে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।  বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তার নজরে এলে ৩০ এপ্রিল প্রধান শিক্ষিকাকে তলব করা হয় এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আরো পড়ুন:

ভুক্তভোগীদের মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং দুইজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. রুনা খাতুন বলেন, তিনি ক্লাস শেষে এসে দেখেন শিক্ষার্থীদের গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে। পরে তিনি বাধা দিলে তা বন্ধ করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর বলেন, ঘটনার পরপরই প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। একই ঘটনায় অন্যান্য শিক্ষকদেরও নোটিশ দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বলেন, শিশুদের এভাবে শাস্তি দেওয়া অনুচিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়