ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৪ মে ২০২৬  
খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, “জাতীয় খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি দিতে ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে, যা ধাপে ধাপে আরও সম্প্রসারণ করা হবে।”

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে ৫০০ জনকে এর অন্তর্ভুক্ত করা হবে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের উৎসাহিত করা, তাদের পেশাদারিত্বের আওতায় আনা এবং ক্রীড়ায় সম্পৃক্ততা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ মজিদ।

প্রতিমন্ত্রী আরো বলেন, “প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করেছেন, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে।” জেলা, বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।

তিনি খেলাধুলার গুরুত্ব নিয়ে বলেন “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নতুন প্রজন্মকে মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামীর বাংলাদেশ গড়তে খেলাধুলাকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আরও গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণই বেশি গুরুত্বপূর্ণ, কারণ খেলাধুলা শারীরিক সুস্থতা নিশ্চিত করে।”

এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি অ্যাথলেটিকস ইভেন্টে দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রদের জন্য ১৯টি এবং ছাত্রীদের জন্য ১১টি ইভেন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাস্কেটবল (ছাত্র) ইভেন্টে অংশ নিচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়