আজ থেকে পশ্চিমবঙ্গ ভয়মুক্ত হলো: মোদি
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ঐতিহাসিক জয়ের ঘটনায় সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে বিজেপির দপ্তরে পাঞ্জাবি ও ধুতি পরে বাঙালি সাজে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ সময় মোদি বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তন শুরু হয়েছে। আজ থেকে পশ্চিমবঙ্গ দীর্ঘদিনের অপশাসন থেকে ভয়মুক্ত হলো।”
তিনি বলেন, “দীর্ঘদিনের সাধনা যখন সিদ্ধ হয়, তখন যে খুশি আসে, তা আজ দেশের সব বিজেপি সমর্থকের মুখে দেখছি। আমিও তাদের খুশিতে সামিল। আজকের দিন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ঘোষণার দিন, ভরসার দিন। আমি পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার মানুষদের ধন্যবাদ জানাই। বিজেপির নেতাকর্মীদের হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা নতুন ইতিহাস রচনা করলেন।”
তিনি আরো জানান, বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই তিনি জানিয়েছিলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটবে। আজ তাই-ই হয়েছে। বিহার, উড়িশ্য়ার হয়ে আজ পশ্চিমবঙ্গেও ক্ষমতায় এসেছে বিজেপি।
প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “বিজেপির এই জয় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মাকে শান্তি দেবে। তিনি এক সমৃদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন যা দীর্ঘ বছর ধরে অপূর্ণ ছিল। আজ বাংলার মানুষ বিজেপিকে সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে। আজ বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো।”
তিনি আরো জানান, পশ্চিমবঙ্গ ও কেরালায় বিজেপির নেতাকর্মীদের, বিশেষ করে নারীদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। নির্বাচনি সাফল্য সব নিহত কর্মীদের পরিবারবর্গকে উৎসর্গ করেন তিনি। তিনি বলেন, “বাংলার পবিত্র ভূমিতে আজ এক নতুন সূর্যোদয় হলো। বাংলার মানুষ তোষণ এবং ভয়ের রাজনীতিকে ছুঁড়ে ফেলেছে। আজ থেকে বাংলা ভারতের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে, পা মিলিয়ে চলবে।”
প্রথমবারের মতো বাংলার শাসন ক্ষমতায় বিজেপিকে আনায় পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করে মোদি বলেন, “আমাদের দল রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।”
এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলায় বিজেপি সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করা হবে এর ফলে রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্যবিমার সুবিধা সরাসরি পাবেন।
বক্তব্যে রবীন্দ্রনাথকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদি। আগামী ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেবে বলে ঘোষণা দেন তিনি। মোদি জানান, রবীন্দ্রনাথ যেমন ভয়মুক্ত মন ও পরিবেশ চেয়েছিলেন, বিজেপির শাসনে পশ্চিমবঙ্গে সেই পরিবেশ তৈরি হবে।
পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনে যে সহিংসতা হয়েছে, সে কথাও স্মরণ করান তিনি। মোদি বলেন, “তবে এবারের নির্বাচনে বন্দুকের আওয়াজ নয়, জনতার আওয়াজ শোনা গেছে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, “এখন সময় বদলা নেওয়ার নয়, বরং পরিবর্তনের। কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, তা ভুলে বাংলার জন্য কাজ করতে হবে।”
মোদি তার বক্তব্যে আসামে বিজেপির টানা তৃতীয়বার জয়ের জন্য মা কামাখ্যাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “মা কামাখ্যার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে।”
পশ্চিমবঙ্গ ও আসামের পাশাপাশি পুদুচেরির নির্বাচনি সাফল্য নিয়ে তিনি সেখানকার যুবক ও মৎস্যজীবী সম্প্রদায়কে উন্নয়নের নিশ্চয়তা দেন। মোদি বলেন, “মানুষ আজ বুঝতে পেরেছে বিজেপি মানেই সুশাসন এবং বিজেপি মানেই উন্নয়ন।”
ঢাকা/ফিরোজ
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু