অনুপ্রবেশ সমর্থনকারীদের কঠিন শিক্ষা দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ: অমিত শাহ
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ঐতিহাসিক জয়ের ঘটনায় বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। খবর এনডিটিভির।
স্বরাষ্ট্রমন্ত্রী তার পোস্টে নাম না করে পশ্চিমবঙ্গের বিদায়ী শাসকদলকে নিশানা করেন।
সোমবার (৪ মে) সন্ধ্যায় নিজের এক্স-হ্যান্ডেলে অমিত শাহ লিখেন, “বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের সমর্থকদের এমন এক শিক্ষা দিয়েছে, যা তোষণ রাজনীতির দলগুলো কখনও ভুলবে না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের ক্রমবর্ধমান আস্থার কথা উল্লেখ করে অমিত শাহ লিখেন, “বাংলার মানুষ যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে মোদিজির নেতৃত্বের ওপর ভরসা রেখেছে, আমরা তা অক্ষরে অক্ষরে পূরণ করব।”
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পোস্টে আরো লিখেন, “চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে বিজেপি দিনরাত কাজ করে যাবে।”
ঢাকা/ফিরোজ
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু