ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৪ মে ২০২৬  
ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ডাসার উপজেলা পরিষদ চত্বরে বাসে প্রশিক্ষণ শুরু হয়।

মাদারীপুরের ডাসার উপজেলায় যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ডাসার উপজেলা পরিষদ চত্বরে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘টেকাব-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন:

এর আগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদার সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ।

বক্তারা কর্মমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ এই বাসটি একটি আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এতে ৪০ জন প্রশিক্ষণার্থী চারটি শিফটে ভাগ হয়ে দুই মাসব্যাপী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

সুবিধাবঞ্চিত গ্রামীণ যুবকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে পরিচালিত এ প্রকল্পটি ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। প্রশিক্ষক নূরউজ্জামান ও কিশোর কুমারের তত্ত্বাবধানে কোর্সটি আগামী দুই মাস চলবে। 
 

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়