শরীয়তপুরে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত হাসান মোল্লা (মাঝে)।
শরীয়তপুরে তিন বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে হাসান মোল্লা (৬৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সোমবার (১ জুন) বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ঘটনাটি ঘটে। রাতে থানায় লিখিত অভিযোগ করে শিশুটির পরিবার। অভিযুক্ত হাসান একই এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে শিশুটিকে পুকুরে গোসল করার কথা বলে ডেকে নিয়ে যান হাসান। গোসল করার ছলে তিনি শিশুটির শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দেন বলে অভিযোগ ওঠে। পুকুরের অপর পাশে গোসলরত কয়েকজন মেয়ে বিষয়টি দেখতে পেয়ে শিশুটির পরিবারকে জানায়। পরে শিশুটির মা দ্রুত সেখানে গিয়ে অভিযুক্ত হাসান মোল্লার কাছ থেকে তার মেয়েকে বাসায় নিয়ে আসেন।
বিষয়টি জানাজানি হলে গাঁ ঢাকা দেন অভিযুক্ত হাসান। পরে স্থানীয়রা তাকে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে আটক করে একটি ঘরে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ভুক্তভোগীর পরিবার থেকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, “আমি প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দেখি হাসান মোল্লা আমার মেয়েকে পানির মধ্যে নিয়ে ঝাপটে ধরে বসে আছেন। তিনি আমার মেয়ের লজ্জাস্থানে হাত দিয়েছেন। আমি যদি সঠিক সময়ে না যেতাম, আমার মেয়েকে মেরেও ফেলতে পারতেন। আমি বিচার চাই।”
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, “উনি (হাসান মোল্লা) এর আগেও এমন কাজ করেছেন। তার বিষয়ে সবাই জানে। আমার মেয়েকে আজ খারাপ কিছু করার উদ্দেশ্যেই নিয়ে যান। আমি তার কঠিন বিচার চাই।”
অভিযুক্ত হাসান মোল্লার দাবি, ওই পরিবারটির সঙ্গে তার জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। এ কারণে তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, “যৌন নিপীড়নের শিকার হয়েছে এক শিশু এমন খবর পেয়ে ঘটনাস্থল যাই। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/সাইফুল/মাসুদ