নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের মাউলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালাম মোল্যা।
নড়াইলের মাউলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালাম মোল্যাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে তার ওপর হামলা হয়।
আহত কালাম মোল্যা মাউলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে।
এলাকাবাসী জানান ,বুধবার রাতে কামাল মোল্যা লোহাগড়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। দিঘলিয়া বাজার পার হয়ে জোড়া ব্রিজের কাছাকাছি পৌঁছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা বিভিন্ন ধরনের দেশি অস্ত্র দিয়ে কামাল মোল্যার বাম হাত এবং পা কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
কামাল মোল্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, “কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। আমি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শরিফুল/মাসুদ