নেইমারের সবকিছুই আমার পছন্দ: অপু বিশ্বাস
অপু বিশ্বাস
ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপরও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছেন দেশবাসী। উচ্ছ্বাসের এই হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
প্রিয় খেলোয়াড়ের বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।”
অপু ব্রাজিলের কট্টর সমর্থক হলেও শাকিব-অপুর পুত্র আব্রাহাম খান জয় আর্জেন্টিনা পছন্দ করে। এসব তথ্য জানিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, ‘শুধু ব্রাজিল হলে তো চলবে না অন্য দলের সাপোর্টারও লাগবে’। তা না হলে খেলা দেখে মজা থাকবে না।
রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে অপু বিশ্বাসের। তার ভাষায়—“বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনাকর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়, উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।”
ঢাকা/শান্ত