রবির উল্লাপাড়া পিপলস ক্লাবের নেতৃত্বে হাবিব-পার্থ
রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘উল্লাপাড়া পিপলস ক্লাব’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান ও বাংলা বিভাগের শিক্ষার্থী পার্থ সারথী শীল।
বৃহস্পতিবার (২১ মার্চ) সংগঠনটির ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ও দায়িত্ব প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. সোহরাব আলী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক পার্থ সারথী শীল বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে, সেটা কাজে লাগাতে আমরা সবাই একত্রিতভাবে কাজ করে যাব। প্রতিভা অন্বেষণে আমরা শুধু সংগঠনের সদস্যদের নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য কাজ করব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান চর্চা, জ্ঞানের পরিধি বৃদ্ধি ও আপনার গুণাবলিকে বিকশিত করার জায়গা। স্বেচ্ছাসেবী সংগঠন সবসময়ই শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে অনেক বেশি প্রভাবিত করে। আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডকে বিকশিত করে আন্তনির্ভরশীলতা এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। সামাজিক, সাংস্কৃতিক এবং জাতীয় উন্নয়নে অবদান রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
এসময় উপদেষ্টা মো. সোহরাব আলী বলেন, শিক্ষার্থীদের পুঁথিগতবিদ্যার বাইরেও জ্ঞানের চর্চা, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। সবাইকে শিক্ষার্থীকে কম্পিটার, বিজ্ঞান বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লাপাড়াস্থ সব বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
/হাবিবুর/মেহেদী/
বিশ্ব স্বাস্থ্য দিবস আজ