ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গায়কের মামলায় গায়িকার ৫০ লাখ রুপি জরিমানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:০৩, ৭ এপ্রিল ২০২৬
গায়কের মামলায় গায়িকার ৫০ লাখ রুপি জরিমানা

গায়কের দায়েরকৃত মামলায় পাকিস্তানি গায়িকা মিশা শফিকে ৫০ লাখ রুপি জরিমানা করেছেন আদালত। আগামী ৪ মে, উভয় পক্ষকে আদালতে হাজির হয়ে ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছেন লাহোরের একটি সেশন কোর্ট।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে ১ বিলিয়ন রুপি ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেন গায়ক আলী জাফর। কারণ গায়িকা মিশা শফি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন; যা সবসময়ই অস্বীকার করে আসছিলেন গায়ক। অবশেষে অতিরিক্ত সেশন জজ আসিফ হায়াত এ মামলার সংরক্ষিত রায় ঘোষণা করলেন, যার মাধ্যমে বহুল আলোচিত মামলাটির নিষ্পত্তি হলো। 

আরো পড়ুন:

 

ডেফামেশন অর্ডিন্যান্স ২০০২-এর আওতায় মামলাটি দায়ের করেছিলেন সংগীতশিল্পী, অভিনেতা আলী জাফর। নোটিশে জাফর দাবি করেন, শফি মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলে তার সুনাম ক্ষুণ্ন করেছেন।  

দুই পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ে আদালত বলেন, “২০১৮ সালের ১৯ এপ্রিল মিশা শফির একটি টুইট এবং ২১ এপ্রিল দেওয়া তার সাক্ষাৎকারে ‘মিথ্যা, মানহানিকর এবং ক্ষতিকর অভিযোগ’ ছিল। যেখানে আলী জাফরের বিরুদ্ধে শারীরিক যৌন হয়রানির অভিযোগ আনা হয়; যা প্রমাণিত হয়নি এবং জনস্বার্থেও করা হয়নি। তাই এটি শাস্তিযোগ্য মানহানি হিসেবে গণ্য।”

“বাদী তার সুনাম, মর্যাদা ও মানসিক কষ্টের ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী”—বলে মনে করেন আদালত। তবে বিশেষ ক্ষতির দাবি নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত না হওয়ায় আদালত কেবল ৫০ লাখ রুপি সাধারণ ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেন, যা বিবাদীকে পরিশোধ করতে হবে।

 

পাশাপাশি আদালত নির্দেশ দেন, সরাসরি বা পরোক্ষভাবে, প্রিন্ট, ইলেকট্রনিক বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো মাধ্যমে বাদীর বিরুদ্ধে উল্লিখিত মানহানিকর যৌন হয়রানির অভিযোগ পুনরায় প্রকাশ করতে পারবেন না বিবাদী মিশা শফি।

এ মামলার শুনানিতে মোট ২০ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়। ২৮৪টি শুনানি শেষে এই মামলা নিষ্পত্তি হয়, যেখানে বিচারকও নয়বার পরিবর্তিত হয়েছেন।

আলী জাফরের আইনজীবী ছিলেন উমর তারিক গিল, মিশা শফির পক্ষে ছিলেন সাকিব জিলানি। রায়ের পর আলী জাফরের আইনজীবী বলেন, “বিস্তারিত রায় প্রকাশিত হলে বিষয়টি আরো পরিষ্কার হবে।” অন্যদিকে, মিশা শফির আইনজীবী বলেন, “এই রায় হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে। আমরা এখন রায়ের সত্যায়িত কপি পর্যালোচনা করছি।”

 

আলী জাফর একাধারে গায়ক, গীতিকার, অভিনেতা, প্রযোজক ও চিত্রশিল্পী। পাকিস্তানে সংগীত ক্যারিয়ার শুরু করলেও বলিউডে পা রেখে খ্যাতি অর্জন করেন। তবে বলিউডে অভিনেতা হিসেবে নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য বলিউড সিনেমাগুলো হলো—‘তেরি বিন লাদেন’, ‘মেরি ব্রাদার কি দুলহান’, ‘লন্ডন, প্যারিস, নিউ ইর্য়ক’ প্রভৃতি। 

অন্যদিকে, মিশা শফিও একাধারে গায়িকা, মডেল ও অভিনেত্রী। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান মিশা ২০১৩ সালে ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ শিরোনামের হলিউড সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির মা মিরা নায়ার এটি পরিচালনা করেন। উর্দু ভাষার ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেন মিরা। তাছাড়া বলিউডের ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায়ও অভিনয় করেছেন ৪৪ বছরের মিরা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়