রাবিতে আওয়ামী আমলের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আওয়ামী আমলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার ও নীতিমালা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রায় অর্ধযুগ পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ শুরু হতে যাচ্ছে। আগামীকাল কাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভাইভা বোর্ডের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের সংগঠক রাবেয়া মুহিবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাশেদ রাজন বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি ছিল, আগের বিজ্ঞপ্তিতে আর কোন শিক্ষক নিয়োগ হবে না। কিন্তু কাল পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেটা কার্যকর হলে বিজয় পরাজিত হবে। আওয়ামী ফ্যাসিবাদের সময়ের বিজ্ঞপ্তি সংশোধন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ হবে না।”
তিনি বলেন, “বিগত বিজ্ঞপ্তিতে যারা যোগ্য, মেধাবী, পিএইচডিধারী, তারা কেউই আবেদন করেননি। কারণ তারা জানতেন, এ বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগ দেওয়া হবে না। কিন্তু বর্তমান প্রশাসন সেই বিজ্ঞপ্তিতেই পদার্থবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের মৌখিক নিতে যাচ্ছে। অবিলম্বে সেই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করতে হবে।”
রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, “বিগত সময়ে অর্থনৈতিক লেনদেন, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ এমন কোন অনিয়ম নেই, যা নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসন ঘটায়নি। আওয়ামী লীগ শাসনামলের বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের আবার সুযোগ করে দিচ্ছে। বিপ্লব-পরবর্তী প্রশাসন আগের ফ্যাসিস্ট প্রশাসনের দেখানো পথেই হাঁটছে। অনতিবিলম্বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আবার বিজ্ঞপ্তি ও নীতিমালা সংস্কার করে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিতে হবে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ অবস্থানে না থেকে দলীয় প্রশাসনে পরিণত হয়েছিল। দলীয়করণের প্রধান কারণ ছিল অনিয়মতান্ত্রিক দলীয় নিয়োগপ্রক্রিয়া। ফ্যাসিস্ট আমলের সেই নিয়ম ভেঙে নতুন বাংলাদেশে নিয়োগ প্রক্রিয়ায় যৌক্তিক সংস্কার করতে হবে।”
ঢাকা/ফাহিম/মেহেদী
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান