ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অত্যাধুনিক মেডিকেল সুবিধার দাবিতে জবি শিক্ষার্থী অবস্থান

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
অত্যাধুনিক মেডিকেল সুবিধার দাবিতে জবি শিক্ষার্থী অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অত্যাধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করছেন মো. ইব্রাহীম খলিল নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

তিনি এ সংক্রান্ত তিন দফা দাবি উত্থাপন করেছেন। সেগুলো হলো— প্রতি ১ হাজার ৫০০ শিক্ষার্থীর বিপরীতে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন (এমআরআই, এক্স-রে, সিটি স্ক্যানসহ) পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তর এবং চলতি অর্থবছরের মধ্যেই উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি এ কর্মসূচি শুরু করেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী ইব্রাহীম খলিল বলেন, “গতকাল সোমবার আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাস্ক দেওয়া হয়। কিন্তু তখন দেখা যায় সিলিন্ডারে অক্সিজেন নেই। এটি খুবই দুঃখজনক ও বিপজ্জনক।”

তিনি বলেন, “ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থার উন্নয়ন জরুরি। তাই আমি এসব দাবি জানিয়ে এখানে বসেছি এবং প্রশাসনের কাছে লিখিত আবেদনও করেছি। দাবি না মানা পর্যন্ত আমি কর্মসূচি চালিয়ে যাব।"

আগামীকাল আবার সকাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে বিকাল সাড়ে ৪টায় ইব্রাহিম খলিল অবস্থান কর্মসূচি থেকে উঠে যান।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়