আ.লীগের আমলে মাদকের প্রসার ঘটে: হাসান আহমেদ
শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পতিত আওয়ামী লীগ সরকারের এমপিদের ছত্রছায়ায় মাদকের প্রচার এবং প্রসার ঘটে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান হামিদ চৌধুরী কিরণ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ‘মাদককে না বলি, যুক্তি দিয়ে মুক্তি আনি’ প্রতিপাদ্যে শেকৃবি ডিবেটিং সোসাইটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, “রাজনৈতিক ছাত্রছায়া ছাড়া মাদকের প্রচার এবং প্রসার সম্ভব নয়। পতির আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি দলের নীতিনির্ধারকদের ছত্রছায়ায় মাদকের প্রসার ঘটে। মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
এছাড়াও উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক একেএম শওকত ইসলাম, শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. খুরশিদ আলম চঞ্চল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “মাদক পারমাণবিক বোমার থেকে বেশি ভয়াবহ। জাপানে পারমাণবিক বোমার বিস্ফোরণ হলেও এর প্রভাব বিশ্বের অন্য দেশে কিন্তু পড়েনি। তবে আফ্রিকা মহাদেশের উৎপাদিত মাদক কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। পৃথিবীর এমন কোন দেশ নেই, যেখানে মাদকের প্রভাব নেই।”
তিনি বলেন,“মাদক মূলত জীবন থেকে জীবন কেড়ে নেয়। নানা ধরনের রোগ সৃষ্টিসহ মাদক স্বাভাবিক জীবন ধ্বংস করে। মাদক প্রতিরোধে আমাদের দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে এ মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত।”
‘মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক স্বদিচ্ছাই যথেষ্ঠ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় শেকৃবি ডিবেটিং সোসাইটি এবং বিরোধীদল হিসেবে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিতার্কিক দল।
প্রতিযোগিতায় বিজয়ী হয় জবি বিতার্কিক দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন শেকৃবি শিক্ষার্থী ওয়াসিউল হাসান।
ঢাকা/মামুন/মেহেদী
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান