ইরাসমাসে নোবিপ্রবি-তুরস্ক সংযোগ
নোবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরাসমাস চুক্তির আওতায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল বলেন, “বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্ঞান ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।” ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরো বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, “তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এ সফর পারস্পরিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
তুরস্কের ইস্তাম্বুল গেডিক ইউনিভার্সিটি, কারাবুক ইউনিভার্সিটি এবং আলানিয়া আলাদিন কায়কোবাত ইউনিভার্সিটির প্রতিনিধিরা এ দলে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ইমরাহ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের অধ্যাপক সেদাত, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কুবিলেই এবং স্পোর্টস সায়েন্স বিভাগের অধ্যাপক মিসেস সেভাল।
নোবিপ্রবিতে অবস্থানকালে তুরস্কের অধ্যাপকরা বিভিন্ন বিভাগে লেকচার প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং একাডেমিক সহযোগিতা জোরদারে কাজ করবেন।
ঢাকা/শফিউল্লাহ/জান্নাত
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৭০