২১ দিনেও অধরা অভিযুক্ত, গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চায় জাবি প্রশাসন-জাকসু
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাবি উপাচার্য ও জাকসু নেতারা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, জাকসুর ভিপি ও এজিএস (নারী) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, “দুঃখজনকভাবে ঘটনার ২১ দিন অতিবাহিত হলেও অপরাধী এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছে। আজ এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে। আমাদের উপস্থিতিতেই মাননীয় মন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কাজ করছেন, তাদের ধন্যবাদ জানাই। তবে ২১ দিন পার হওয়ার পরও যেহেতু অপরাধী শনাক্ত হয়নি, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিভাবক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি।” তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন। আশা করি, শিগগিরই প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে।”
প্রসঙ্গত, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।
ঢাকা/আহসান/জান্নাত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু