রাকসুর উদ্যোগে রাবির ১২ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে ১২টি আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফার্স্ট এইড বক্স বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাকসু ভবনের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসার উদ্যোগে ছেলে ও মেয়েদের ১২টি হল, আন্তর্জাতিক ডরমেটরি, জিমনেসিয়াম এবং স্টেডিয়ামে ফার্স্ট এইড বক্স সরবরাহ করা হয়। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসা বলেন, “এই প্রাথমিক চিকিৎসা বক্স বড় ধরনের চিকিৎসার বিকল্প না হলেও জরুরি মুহূর্তে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সেবা দেওয়ার জন্য এটি সহায়ক হবে। এই আয়োজনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া গেছে। শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা এবং সার্বিক দেখভাল নিশ্চিত করাই হল সংসদ ও রাকসুর মূল দায়িত্ব, এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা নিয়ে এখনো নানা অস্পষ্টতা রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত অভিযোগ আসে, তারা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন ঠিকমতো পাচ্ছেন না। বিষয়টি রাকসুর প্রথম ও দ্বিতীয় অধিবেশনেও উত্থাপন করা হয়েছে।”
তিনি জানান, বাজেটের সম্ভাবনা থাকলেও বিষয়টি সংবেদনশীল; উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হলেও দুর্ঘটনার ক্ষেত্রে ভাঙচুরের ঝুঁকি থাকে। নিরাপত্তা সংকটের কারণে দক্ষ চিকিৎসকেরাও এখানে কাজ করতে অনাগ্রহী। এই পরিস্থিতিতে আপাতত একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসার সব ধরনের উপকরণ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “রাকসুর উদ্যোগে জরুরি সময়ে চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের দায়িত্বের মধ্যেই পড়ে।”
তিনি এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “গভীর রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে এসব বক্স থেকে প্রাথমিক সেবা পাওয়া সম্ভব হবে।”
প্রশিক্ষণ কর্মশালায় রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এজিএস এস এম সালমান সাব্বির, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতা।
ঢাকা/ফাহিম/জান্নাত