ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি প্রচারে পরমব্রত-জুন মালিয়া, সমাবেশে জনসমুদ্র

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:০২, ২৮ এপ্রিল ২০২৬
নির্বাচনি প্রচারে পরমব্রত-জুন মালিয়া, সমাবেশে জনসমুদ্র

বিধানসভা নির্বাচনের প্রচারে পরমব্রত ও জুন মালিয়া

কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। এখনো বাকি দ্বিতীয় দফার ভোট। আগামীকাল (২৯ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট হবে।   

সোমবার (২৭ এপ্রিল) বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারের মাঠে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ব্যস্ত সময় কাটিয়েছেন বেশ কজন তারকাও। রবিবার (২৬ এপ্রিল) নির্বাচনি প্রচারে অংশ নেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।  

আরো পড়ুন:

সাগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনি উত্তাপ চূড়ায় উঠেছে। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন—তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরা। বিদায়ী সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী, টানা চতুর্থবার জয়ের লক্ষ্যে লড়াই করছেন, তার সমর্থনে গত ২৬ এপ্রিল নামখানায় দেখা যায় অভূতপূর্ব এক সমাবেশ। সেখানে উপস্থিত হয়েছিলেন জুন মালিয়া ও পরমব্রত। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুর গড়াতেই নামখানার আকাশ-বাতাসে ভাসতে থাকে হেলিকপ্টারের শব্দ। কৌতূহলী মানুষের চোখ তখন আকাশের দিকে। কিছুক্ষণের মধ্যেই অবতরণ—চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জুন মালিয়া ও পরমব্রত চ্যাটার্জির। তাদের একঝলক দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে নামখানার মাটিতে। 

হেলিকপ্টার থেকে নামার পরই শুরু হয় রোড শো। রাস্তার দু’ধারে জনতার ঢেউ—হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, মুখে স্লোগান, আর চোখে একটাই প্রত্যাশা। জনতার এই বিপুল উপস্থিতি যেন স্পষ্ট বার্তা দিচ্ছে—এই লড়াই শুধু রাজনৈতিক নয়, আবেগেরও। 

জুন মালিয়া মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান, বারবার তুলে ধরেন উন্নয়নের প্রসঙ্গ। অন্যদিকে পরমব্রতও তার বক্তব্যে বলেন, “এই অঞ্চলের পরিবর্তন চোখে পড়ার মতো, আর সেই পরিবর্তনের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন স্থিতিশীল নেতৃত্ব।” 

তারকাখচিত এই প্রচারে আরো একবার স্পষ্ট হয়ে গেল—বঙ্কিমচন্দ্র হাজরার নির্বাচনি প্রচার নতুন মাত্রা পেয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনদের উপস্থিতি তার প্রচারে বাড়তি জোর জোগাচ্ছে। 

রোড শো এগোতে থাকতেই ভিড় আরো বাড়তে থাকে। রাস্তা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, “এত বড় সমাবেশ তারা আগে খুব কমই দেখেছেন।” কেউ কেউ আবার এটাকে আগাম ফলাফলের ইঙ্গিত বলেও মনে করছেন। 

বঙ্কিমচন্দ্র হাজরার রাজনৈতিক যাত্রা দীর্ঘদিনের। সুন্দরবন এলাকার উন্নয়ন, পরিকাঠামো গড়ে তোলা এবং সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনার দাবি নিয়েই আবারো ভোটের ময়দানে নেমেছেন তিনি। তার সমর্থকরা বলছেন, “কাজের নিরিখেই মানুষ তাকে আবারো সুযোগ দেবেন।” 

এই রোড শো সেই দাবিকেই যেন আরো জোরালো করল। জনতার উচ্ছ্বাস, উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ—সব মিলিয়ে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে—“এ কি তবে চতুর্থবারের জয়ের আগাম বার্তা?” তবে শেষ কথা বলবে ভোটবাক্স। কিন্তু নামখানার মানুষের উপস্থিতির ছবি বলছে—সময়ের অপেক্ষা মাত্র। বঙ্কিমচন্দ্র হাজরার ভাগ্যে কী লেখা আছে, তা জানার জন্য এখন নজর নির্বাচনের ফলাফলের দিকে।

ঢাকা/শুভজিৎ/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়