তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে বাবা আটক
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার বাড্ডায় তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার বাবা শাহীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শিশুর নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জামাল হোসেন জানান, খবর পেয়ে বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়ার একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির বাবা শাহীন মাদকাসক্ত। তিনি স্ত্রীর কাছে মাদক কেনার টাকা চাইলে স্ত্রী তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। শিশুটির শরীরে আঘাতের চিহ্নও ছিল।
বাড়ির মালিক জুলহাস মিয়া জানান, শাহীন পেশায় রিকশাচালক। তিনি স্ত্রী শিল্পী খাতুন ও দুই সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় শিশুটির মা ওষুধ কিনতে বাইরে যান। পরে ফিরে এসে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি করেও দরজা না খোলায় স্থানীয়দের সহায়তায় চিৎকার শুরু করলে শাহীন দরজা খুলে দেন। পরে ঘরে ঢুকে বিছানার ওপর শিশুটিকে মৃত অবস্থায় দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত হাবিবের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাসিয়া কান্দি গ্রামে। তারা ঋষিপাড়ায় ভাড়া বাসায় থাকত। হাবিব দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল।
ঢাকা/বুলবুল/ইভা
২৪ ঘণ্টায় হামে আরো ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৬