ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৭০০ যাত্রী নিয়ে আটকা চট্টলা এক্সপ্রেস

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:১৮, ২৮ এপ্রিল ২০২৬
ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৭০০ যাত্রী নিয়ে আটকা চট্টলা এক্সপ্রেস

ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে আটকে আছে চট্টলা এক্সপ্রেস।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন প্রায় ৭০০ যাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এক সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন। 

রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ (ছোট চেম্বারের ঢাকনা) থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। 

আরো পড়ুন:

এদিকে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে।

আশরাফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‍“সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ট্রেনে বসে অপেক্ষা করছি। এরমধ্যে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রীই ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে চলে গেছেন।”

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, “চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিকল ইঞ্জিন সরাতে সময় লেগেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফেনী থেকে যেসব যাত্রীরা এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুইটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়