এশীয় মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে প্রস্তুত ইরান
ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী রেজা তালায়ি-নিক
ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী রেজা তালায়ি-নিক বলেছেন, তেহরান তার উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে শেয়ার করতে প্রস্তুত। বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর ওপর জোর দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিওভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে রেজা তালায়ি-নিক বলেন, “আমরা স্বাধীন দেশগুলোর সঙ্গে, বিশেষ করে এসসিও সদস্যদের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বিনিময়ে আগ্রহী।” তিনি আরো উল্লেখ করেন যে, গত কয়েক দশকের অভিজ্ঞতায় আমেরিকা যে পরাজয়ের সম্মুখীন হয়েছে, সেই কৌশলগত অভিজ্ঞতাও মিত্রদের সঙ্গে ভাগ করে নিতে চায় ইরান।
ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। উভয় দেশই তেহরানের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক রাশিয়া সফরকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই সফরের মূল লক্ষ্য ছিল বিশ্বকে এটি দেখানো যে- ইরান মোটেও বিচ্ছিন্ন রাষ্ট্র নয়।”
এলমাসরি বলেন, “আমি নিশ্চিত যে এই প্রতীকী কূটনীতির বাইরেও সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।” তার মতে, “আলোচনার সম্ভাব্য বিষয়গুলো ছিল- তেল রপ্তানির জন্য সম্ভাব্য বিকল্প স্থলপথ নিয়ে আলোচনা, কারণ ইরান সম্ভবত তেল মজুদের সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা।”
এই বিশ্লেষক আরো জানান, “এই সফরের মাধ্যমে ইরান একটি রাজনৈতিক বার্তাও দিয়েছে যে, তাদের বন্ধু ও মিত্র আছে। পাশাপাশি, বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন- এটি প্রদর্শন করাও তাদের একটি অন্যতম উদ্দেশ্য ছিল।”
ঢাকা/ফিরোজ
২৪ ঘণ্টায় হামে আরো ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৬