ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান
জায়েদ খান
শোবিজ অঙ্গনের নানা আয়োজন নিয়ে দূর প্রবাসেও ব্যস্ত সময় পার করছেন পর্দার পরিচিত মুখ, আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।
প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয়, মঞ্চ আর দর্শকের ভালোবাসা থেকে একেবারেই দূরে যাননি জায়েদ খান। বরং প্রবাসের মাটিতেই গড়ে তুলছেন নতুন এক মঞ্চ, যেখানে নিয়মিত দেশীয় সংস্কৃতির রং ছড়িয়ে দিচ্ছেন।
দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শোয়ে পারফরম্যান্সের অভিজ্ঞতা জায়েদ খানের আগেই ছিল। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ নানা দেশে পারফর্ম করে দর্শকদের সাড়া পেয়েছেন। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বৈশাখী মেলার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন এই অভিনেতা।
আগামী ৯ মে আয়োজিত এই কনসার্টে জায়েদ খানের সঙ্গে মঞ্চ ভাগ করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ এবং বিন্দু কনা। গান, পারফরম্যান্স আর প্রাণবন্ত উপস্থিতিতে জমে উঠবে প্রবাসের এই বাঙালি আয়োজন—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
আমেরিকা থেকে জায়েদ খান বলেন, “আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে বিভিন্ন দেশে নিয়মিত স্টেজ শো করছি। প্রবাসী বাঙালিদের সঙ্গে এমন অনুষ্ঠানে থাকতে সবসময়ই ভালো লাগে। এবার প্রথমবারের মতো বৈশাখী মেলায় পারফর্ম করতে যাচ্ছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
বৈশাখী মেলার মূল লক্ষ্য শুধু বিনোদন নয়—বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেওয়া। একই সঙ্গে এটি হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। কনসার্টের পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের স্টল, আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের নানা আয়োজন।
দূর দেশে বসেও এমন আয়োজন যেন এক টুকরো বাংলাদেশ—আর সেই মঞ্চে নিজের উপস্থিতি দিয়ে উচ্ছ্বাস ছড়াতে প্রস্তুত জায়েদ খান।
ঢাকা/রাহাত/শান্ত
২৪ ঘণ্টায় হামে আরো ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৬