ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাত, যুবক হাসপাতালে 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৬ এপ্রিল ২০২৬  
চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাত, যুবক হাসপাতালে 

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে আব্দুল করিম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা হয়েছে। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের ছাদে এ ছিনতাই হয়। আহত আব্দুল করিম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানিয়েছেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন আব্দুল করিম নামে ওই যুবক। ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন প্রবেশের আগে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। আব্দুল করিমের ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। 

পরে তিস্তা ট্রেনের যাত্রীরা কাওরাইদ স্টেশন থেকে আহত আব্দুল করিমকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দেন। ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসলে জিআরপি পুলিশ আব্দুল করিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরো জানান, ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চলছে। আব্দুল করিমের পুরো ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মিলন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়