ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল
অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময় অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ই ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে। আগে এই সময় ছিল ১৬ জানুয়ারি।
পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় জানুয়ারি ২০২৬ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, সরকারি ছুটির পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওপিপি সার্ভার সাময়িকভাবে ডাউন থাকায় অনেকে অনলাইনে ই ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দিতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৫ উপধারা (১ক) ক্ষমতাবলে ই ভ্যাট সিস্টেমের জানুয়ারি, ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময় আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
ঢাকা/নাজমুল/ইভা