ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সায়হাম টেক্সটাইল স্পিনিং ইউনিট ১ জুন থেকে বন্ধ থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১১ মে ২০২৬  
সায়হাম টেক্সটাইল স্পিনিং ইউনিট ১ জুন থেকে বন্ধ থাকবে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের স্পিনিং ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আগামী ১ জুন থেকে  আলোচ্য ইউনিটটি বন্ধ করা হবে বলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গত কয়েক বছর ধরে কোম্পানির স্পিনিং ইউনিট বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ১৯৯৩ সালে স্থাপিত পুরনো যন্ত্রপাতির কারণে নিম্নমানের সুতা উৎপাদন এবং উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে, যার ফলে উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে। আর এমন পরিস্থিতিতে স্পিনিং ইউনিট প্রায় ১৮ মাস বন্ধ রেখে তা আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। বিশেষ করে এ সময় পুরনো কারখানা ভবনের পুনঃনির্মাণ, নতুন স্বয়ংক্রিয় মেশিন স্থাপন, কমিশনিং ও পরীক্ষামূলক উৎপাদনের কাজ চলবে।

পরিচালনা পর্ষদ আরো সিদ্ধান্ত নিয়েছে, কোম্পানির আলোচ্য ইউনিটটি ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন (বিএমআরই) কার্যক্রম সহজ করতে স্পিনিং ইউনিটের সব যন্ত্রপাতি যত দ্রুত সম্ভব বিক্রি করে দেওয়া হবে।

সায়হাম টেক্সটাইল মিলসের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আর মেলাঞ্জ ইউনিট ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে আসে। তবে গত কয়েক বছর ধরে পুরনো যন্ত্রপাতির কারণে স্পিনিং ইউনিটে একের পর এক সমস্যা তৈরি হচ্ছিল। উৎপাদিত সুতার মান কমে যাচ্ছিল। একই সঙ্গে উৎপাদন সক্ষমতাও ধীরে ধীরে কমে যায়। অন্যদিকে ব্যয় বাড়তে থাকায় ইউনিটটি থেকে কাঙ্ক্ষিত মুনাফা পায়নি সায়হাম টেক্সটাইল।

সায়হাম টেক্সটাইল জানিয়েছে, বিএমআরই বাস্তবায়নের পর প্রকল্পটির উৎপাদন সক্ষমতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফাও অনুপাতে বৃদ্ধি পাবে।

ঢাকা/নাজমুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়