বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৯২ কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে সূচক বেড়ে প্রায় প্রতি দিন নতুন রেকর্ড সৃষ্টি করার পাশাপাশি লেনদেনও গতিশীল রয়েছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৯২ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (২৮ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি ১৫ লাখ ৪২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৭৮৭ কোটি ৫৩ লাখ টাকা বা ১ দশমিক ৪২ শতাংশ।
গত সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৬ হাজার ৭৬০ কোটি ৯১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬৬৫ কোটি ৮৮ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯০৪ কোটি ৯৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৯২ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ হাজার ৭৩০ কোটি ৫৮ লাখ ২৯ হাজার টাকা বা ২৬.৯০ শতাংশ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ৩৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।
গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার ও ইউনিট দর।
গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮৮ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গত সপ্তাহে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।
ঢাকা/এনএফ/ইভা