ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রিজেন্ট টেক্সটাইলকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৩ জুলাই ২০২৫  
রিজেন্ট টেক্সটাইলকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা

ফাইল ফটো

লিগ‍্যাছি ফ‍্যাশন লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা আইপিও ফান্ডের অর্থ ফেরত আনার জন্য রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ৩০ দিনের মধ্যে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজন পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরো পড়ুন:

বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিও ফান্ডের ৮০.১১ কোটি টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লিগ‍্যাছি ফ‍্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ বা ক্রয়ে ব্যবহার করে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।

এর ফলে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডকে আগামী ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত প্রদানের আদেশ জারির সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ওই অর্থ ফেরত প্রদান করতে ব্যর্থ হলে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানিটির পাঁচজন পরিচালক ইয়াকুব আলী, ইয়াসিন আলী, তানভীর হাবিব, মাশরুফ হাবিব ও সালমান হাবিবকে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা অর্থদণ্ড আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়