সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ মার্চ) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। রবিবার সকাল থেকেই সূচকে উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে, কিছুক্ষণ পর তা পতনে রূপ নেয়। লেনদেন শেষ হওয়া পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩.১০ পয়েন্ট কমে ২ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৯টি কোম্পানির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।
এদিন ডিএসইতে মোট ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৪৮.৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৭৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.১৪ পয়েন্ট কমে ৯০৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৪.৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪২.৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৪টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।
দিন শেষে সিএসইতে ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক