ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরামিটের পণ্য বিক্রির প্রায় ৫২ কোটি টাকা আদায় নিয়ে শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৫ মার্চ ২০২৬  
আরামিটের পণ্য বিক্রির প্রায় ৫২ কোটি টাকা আদায় নিয়ে শঙ্কা

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি দীর্ঘদিন ধরে ভালো ব্যবসা করে আসছে এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে আসছে। তবে কোম্পানিটি তার গ্রুপের অন্য পাঁচটি কোম্পানিতে প্রায় ৫২ কোটি টাকা বাকিতে পণ্য বিক্রি করেছে। এর মধ্যে তিনটি কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং অন্য দুইটির অবস্থাও ভালো না। ফলে আরামিটের ওই টাকা আদায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং ব্যবসা বড় ধরনের হুমকিতে পড়েছে।

আরামিট লিমিটেডের সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, আরামিটের সহযোগী বিভিন্ন কোম্পানির মধ্যে আরামিট থাই অ্যালুমিনিয়ামে ১৫ কোটি ৮০ লাখ টাকা, আরামিট ফুটওয়্যারে ৮ কোটি ২৬ লাখ টাকা, আরামিট পাওয়ারে ৫ কোটি ৯৭ লাখ টাকা, আরামিট স্টিল পাইপসে ২০ কোটি ৮০ লাখ টাকা ও আরামিট আলু কম্পোজিট প্যানেলের কাছে ৮৬ লাখ টাকা পাওনা রয়েছে। এক্ষেত্রে কোম্পানিগুলোর কাছে মোট পাওনা ৫১ কোটি ৭০ লাখ টাকা পাওনা রয়েছে। তবে এসব কোম্পানির মধ্যে আরামিট পাওয়ার ও আরামিট সিমেন্ট ছাড়া বাকি কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে এবং ইক্যুইটি ঋণাত্মক রয়েছে কয়েক বছর ধরে। যাতে কোম্পানিগুলো থেকে অর্থ আদায় নিয়ে শঙ্কা রয়েছে।

তবে ব্যবসায়িক মন্দায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্টের কারখানাও বন্ধ হয়ে গিয়েছে। গত বছরের ২২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে কোম্পানিটির কারখানা বন্ধ পায়।

আরামিট থেকে নর্থ ওয়েস্ট সিকিউরিটিজের মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা বিনিয়োগ করা আছে বলে আর্থিক হিসাবে তথ্য প্রকাশ করেছে। তবে নিরীক্ষক ব্রোকারেজ হাউজটি থেকে প্রাপ্ত পোর্টফোলিওর সঙ্গে ওই বিনিয়োগ হিসাবের গরমিল তথ্য পেয়েছেন। যেখানে ৫৭ হাজার টাকার ঘাটতি পেয়েছেন নিরীক্ষক।

এদিকে, ভালো ব্যবসা করে আসা আরামিট এখন লোকসানের কবলে পরিণত হয়েছে। এ কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.১৯) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪৪ টাকা। এ হিসাবে ব্যবসায় পতন হয়েছে ১.৬৩ টাকা বা ৩৭০ শতাংশ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়