শামীম জামানের ‘চুটকি ভান্ডার’
বিনোদন প্রতিবেদক: মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম জামান। অভিনয়ের পাশাপাশি টিভি নাটক পরিচালনা ও প্রযোজনাও করছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে নির্মাণ করলেন দশ পর্বের ধারাবাহিক নাটক ‘চুটকি ভান্ডার’।
‘চুটকি ভান্ডার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. খ. ম হাসান, শামীম জামান, জামিল, তিতান চৌধুরী, এ্যানি খান, দোলন এবং আমানুল হক হেলালসহ আরো অনেকে। নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৮টায় প্রচার হবে বলে রাইজিংবিডিকে জানান শামীম জামান।
এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘সাধারণত ঈদে দর্শক একটু হাস্যরসাত্মক গল্পের নাটক দেখতে চান। সেই ভাবনা থেকেই চুটকি ভান্ডার নির্মাণ করেছি। দশটি আলাদা আলাদা গল্পে দশ পর্বের নাটকটি সাজানো হয়েছে। বাংলায় প্রচলিত ১০টি চুটকি নিয়ে তৈরি হয়েছে নাটকটির গল্প।’
নাটকটি রচনা করেছেন ফজলুল সেলিম, রুহুল আমিন পথিক, সেজান নূর ও আমানুল হক হেলাল। সম্প্রতি পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম