১৭ বছরের কষ্টের অবসান হবে ১২ তারিখে: দুলু
নাটোর || রাইজিংবিডি.কম
নাটোর-৪ আসনে নির্বাচনি প্রচারে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ডানে)।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “১৭টি বছর আমরা অনেক কষ্ট করেছি। নির্যাতন সহ্য করেছি, অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। বহু নেতাকর্মীকে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে শুধু এই ১২ তারিখের একটি নির্বাচনের জন্য। আগামী ১২ তারিখে এই দীর্ঘ নির্যাতন ও কষ্টের অবসান হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজকে বিজয়ী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
দুলু বলেন, “এই একটি দিনের জন্যই আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন। জনগণের ভোটেই এবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ, নাটোর জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/আরিফুল/মাসুদ