স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভিডিও থেকে নেওয়া ছবি।
ফরিদপুর-৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বড় ভাই ডা. মহসিন বেগের মালিকানাধীন হাসপাতালে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ‘আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে’ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। ফলে হাসপাতালের রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তিরা ছয় থেকে সাত মিনিট অবস্থান করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ডা. মহসিন বেগকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ডা. মহসিন বেগ গণমাধ্যমকে বলেন, “আমি দুই যুগের বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সঙ্গে চক্ষু চিকিৎসা দিয়ে আসছি। একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, “আমার ভাই মুজাহিদ বেগ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তাকে মানসিকভাবে দুর্বল করতে এবং নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপকৌশল হিসেবেই আমার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।” তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় ডা. মহসিন বেগ জেলা রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
ঢাকা/তামিম/মাসুদ