ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অজয়ের প্রেমিকারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৬, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৪০, ২২ সেপ্টেম্বর ২০২০
অজয়ের প্রেমিকারা

নব্বই দশকের শুরুতে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেতা অজয় দেবগন। ১৯৯১ সালে তার অভিনীত ‘ফুল আউর কাঁটে’ চলচ্চিত্রটি মুক্তি পায়। অভিষেক চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি।

অজয় ইন্ডাস্ট্রিতে পা রাখার পর অনেকে মন্তব্য করেছিলেন—খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না অজয়। কারণ নায়কোচিত চেহারার দিক থেকে পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে পরিণত করে তুলেন।

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবনে বিয়ের আগে ও পরে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন অজয় দেবগন। অজয়ের প্রেমিকাদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

রাভিনা ট্যান্ডন: ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর অজয়ের সঙ্গে রাভিনা ট্যান্ডনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু এ জুটির সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী। খুব তিক্ততার মধ্য দিয়ে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছিলেন—অজয়ের সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। অজয় তাকে প্রেমপত্র লিখেছিলেন। যদিও বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝাড়েন অজয়। রাভিনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে অজয় বলেছিলেন—রাভিনা তার বোনের বান্ধবী। সেই সূত্রেই তাদের আলাপ। এছাড়া দেবগন ও ট্যান্ডন পরিবারের মধ্যে হৃদ্যতা ছিল। প্রেম এবং প্রেমপত্রের বিষয়টি রাভিনার মনগড়া কথা। আর আত্মহত্যার দাবিও প্রচারে আসার জন্য রাভিনা বলেছেন।

কারিশমা কাপুর: নব্বই দশকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম চর্চিত জুটি ছিলেন অজয়-কারিশমা। ওই সময়ে কারিশমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র নায়িকা। বেশ কটি সুপারহিট সিনেমায় অজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন কারিশমা। শোনা যায়—এ জুটির প্রেম শুধু রুপালি পর্দায়ই সীমাবদ্ধ ছিল না, তা বাস্তব জীবনেও লতা-পাতার মতো বেড়ে উঠেছিল। তাদের প্রেমের সম্পর্ক কতটা গভীর ছিল তা অন্য বিষয় কিন্তু এ জুটির সম্পর্ক তিক্ততার মাধ্যমে ইতি টেনেছিল। কারণ কারিশমাকে ছেড়ে তখন কাজলের প্রেমে মজেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে কারিশমা জানিয়েছিলেন—অজয়ের প্রতি তার বন্ধুত্বের মনোভাব ছাড়া অন্য কিছু নেই। তবে জানেন না অজয় তার সম্বন্ধে কী ভাবেন। অজয় কোনো দিন তাকে বিশেষ অনুভূতির কথা জানাননি। অজয়ের সঙ্গে এই প্রেমের গুঞ্জনের কারণে ব্যক্তিগত জীবনে কারিশমাকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

মনীষা কৈরালা: বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গেও প্রেম ও ঘনিষ্ঠতা ছিল অজয় দেবগনের। কিন্তু চূড়ান্ত তিক্ততার মধ্য দিয়ে শেষ হয় মনীষা-অজয়ের সম্পর্ক। এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে অজয় জানিয়েছিলেন—মনীষার সঙ্গে তিনি অভিনয়ও করতে চান না।

কাজল: বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে ঘনিষ্ঠতার পর অজয়ের জীবন থেকে প্রেমের গুঞ্জন বন্ধ হয়। তবে কাজলের সঙ্গে তার ঘনিষ্ঠ হতে বেশ সময় লেগে যায়। পরবর্তীতে অজয় দেবগন বলেছিলেন—প্রথম আলাপে কাজলকে উদ্ধত ও বাচাল মেয়ে মনে হয়েছিল। অন্যদিকে প্রথম আলাপে কাজলেরও অজয়কে আহামরি কিছু মনে হয়নি। কিন্তু ‘হালচাল’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের অন্যরকম অনুভূতি তৈরি হয়। কাজল তখন অন্য আরেকটি সম্পর্কে ছিলেন। এ সম্পর্কের কথা অজয়ও জানতেন। কিন্তু সময়ের সঙ্গে কাজল বুঝতে পারেন তার হৃদয়ে জায়গা করে নিয়েছেন অজয়। সর্বশেষ ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল।

কঙ্গনা রাণৌত: ভালোবেসে সংসার বাঁধলেও কাজল-অজয় দম্পতির জীবনে কালো মেঘ হয়ে হাজির হয়েছিলেন কঙ্গনা রাণৌত। ‘ওয়ান্স আপনে অ্যা টাইম’ সিনেমার শুটিং করতে গিয়ে কঙ্গনা রাণৌতের সঙ্গে আলাপ হয় অজয়ের। তারপর গুঞ্জন চাউর হয়—তাদের অন্তরঙ্গতা ব্যক্তিগত জীবনে পৌঁছে গিয়েছে।

কঙ্গনার সঙ্গে অজয়ের ঘনিষ্ঠতা মোটেও ভালোভাবে নেননি কাজল। এই ঘনিষ্ঠতা আরো বাড়লে দুই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন কাজল। এরপর কঙ্গনার সঙ্গে অজয়ের সম্পর্ক বেশি দূর গড়ায়নি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়