ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন মুলুকে মুক্তি পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০৫:৫৮, ২৮ আগস্ট ২০২০
মার্কিন মুলুকে মুক্তি পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’

‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রের দৃশ্য

রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাশাপি ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালে বাণিজ্যিকভাবে মুক্তি পায় এই চলচ্চিত্র। এবার মার্কিন মুলুকে মুক্তি পাচ্ছে এটি।

আগামীকাল (২৮ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সিনেমা হলের টিকিট কেটে ঘরে বসে ভার্চুয়ালি দেখতে হবে এটি। দেশটির যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে দেখার সুযোগ রয়েছে। এভাবেই চলতি বছরের মুক্তি প্রতীক্ষায় থাকা চলচ্চিত্রগুলো ‘ভার্চুয়াল থিয়েটার রিলিজ’ দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলগুলো।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন—মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর চলচ্চিত্রটির ইউরোপিয়ান প্রিমিয়ার হয় বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়াও বিভিন্ন গুরত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে এটি।

গত বছরের ৪ ডিসেম্বর ফ্রান্স, ডেনমার্ক এবং পর্তুগালের ৭০টি সিনেমা হলে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ‘মেড ইন বাংলাদেশ’। এরপর ফ্রান্সেকোভিডের কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত টানা চৌদ্দ সপ্তাহ প্রদর্শিত হয় শতাধিক সিনেমা হলে। মহামারি করোনার কারণে অন্যান্য দেশের নির্ধারিত রিলিজ বাতিল হলেও এখন সেগুলোর ভার্চুয়াল থিয়েটার রিলিজ হচ্ছে।

খুব শিগগির জাপান, চীন, পোল্যান্ডসহ অন্যান্য দেশেও মুক্তি পাবে এই চলচ্চিত্র। বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পরিচালক রুবাইয়াত হোসেন।

চলচ্চিত্রটি প্রযোজনা করছে ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন—পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন।

বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি পরিবেশন করছে আর্টম্যাটান ফিল্মস।

পরিচালক রুবাইয়াত হোসেন নির্মিত প্রথম চলচ্চিত্র ‘মেহেরজান’ (২০১১), দ্বিতীয় চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫)। ‘মেড ইন বাংলাদেশ’ তার তৃতীয় চলচ্চিত্র।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়