আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আইয়ুব বাচ্চু
বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী, এলআরবির প্রতিষ্ঠাতা প্রয়াত আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হচ্ছে। সংগীতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চট্টগ্রামের এক রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চুর সংগীতজীবনের শুরু মাত্র ১৬ বছর বয়সে। আশির দশকের শুরুতে তিনি যোগ দেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এ।
১৯৮৯ সাল পর্যন্ত সোলসের সঙ্গে যুক্ত থেকে ‘সুপার সোলস’, ‘কলেজের করিডোরে’ এবং ‘মানুষ মাটির কাছাকাছি’-এর মতো আলোচিত অ্যালবামে কাজ করেন আইয়ুব বাচ্চু। এরই মধ্যে অর্থাৎ ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’।
১৯৯০ সালে আইয়ুব বাচ্চু গড়ে তোলেন ব্যান্ড ‘এলআরবি’। ১৯৯১ সালে দেশের প্রথম ডাবল অ্যালবাম হিসেবে প্রকাশিত হয় ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’। একই বছর প্রকাশিত তার জনপ্রিয় অ্যালবাম ‘কষ্ট’; যা বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম সাড়া জাগানো অ্যালবাম হিসেবে পরিচিতি পায়।
রক, মেলোডি ও আধুনিক সংগীতের মেলবন্ধনে আইয়ুব বাচ্চু হয়ে উঠেছিলেন একটি প্রজন্মের আবেগের নাম। তার গান, গিটার আর সুর আজও দেশের কোটি শ্রোতার হৃদয়ে জীবন্ত হয়ে আছে। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে এই কিংবদন্তি শিল্পী মারা যান।
ঢাকা/রাহাত/শান্ত