রাশমিকা-বিজয়ের বিয়ের ভিডিও কত টাকায় কিনতে চায় নেটফ্লিক্স?
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিজয়-রাশমিকার বিয়ের ছবি
ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এ জুটির প্রেম কারো অজানা নয়। গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসভবনে বাগদান সারেন। গুঞ্জন রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি। এরই মধ্যে জানা গেল, তাদের বিয়ের ভিডিওর স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা যুগলকে তাদের বিয়ের স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য ৬০ কোটি রুপির (৮১ কোটি টাকার বেশি) প্রস্তাব দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
ভক্তরা যাতে প্রিয় তারকার বিয়ের বিশেষ মুহূর্ত দেখতে পারেন, সেই ভাবনা থেকে তারকা জুটিকে এই প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেন রাশমিকা-বিজয়। কারণ অতীতে তারকাদের বিয়ের ভিডিও নিয়ে আইনি জটিলতা হয়েছে; এ জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন এই যুগল। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। গত বছরের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে বাগদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুচকি হেসে রাশমিকা বলেন, “ব্যাপারটি সবাই জানে।”
সেই সময়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিশাল একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রাশমিকা-বিজয়। বিয়ের দিন-তারিখ নিয়ে ইন্টারনেটে ঝড় বইছে। এ নিয়ে রাশমিকা বা বিজয়—কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি আবার অস্বীকারও করেননি।
রাশমিকা-বিজয়ের ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানান, গত বছরের ৩ অক্টোবর, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধরা উপস্থিত ছিলেন।
২০১৭ সালে কন্নড় সিনেমার নির্মাতা-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন রাশমিকা মান্দানা। বাগদানের পরও ভেঙে যায় রাশমিকার এই বিয়ে। কিন্তু এই বিয়ে কেন ভেঙেছিল, তা নিয়ে নানা কথা রয়েছে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি—বিজয়ের কারণে ভেঙে গিয়েছিল রাশমিকার এই বিয়ে।
বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।
এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
বিজয়-রাশমিকাকে ফের একই সিনেমায় দেখা যাবে। ‘রানাবালি’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা। সম্প্রতি একটি প্রোমো প্রকাশের মাধ্যমে এ সিনেমার ঘোষণা দেন নির্মাতারা। পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন রাহুল সঙ্কৃত্যায়ন।
ঢাকা/শান্ত