ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমর সানীর রেস্তোরাঁয় বাকবিতণ্ডা, শেষ পর্যন্ত গড়ায় ছুরিকাঘাতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ওমর সানীর রেস্তোরাঁয় বাকবিতণ্ডা, শেষ পর্যন্ত গড়ায় ছুরিকাঘাতে

চিত্রনায়ক ওমর সানীর মালিকানাধীন রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল এন্ড রেস্তোরাঁয় ছুরিকাঘাতে আতিকুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে জানা গেছে, রেস্তোরাঁয় শুরু হওয়া একটি বাকবিতণ্ডা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে শেষ পর্যন্ত ছুরিকাঘাতের ঘটনায় রূপ নেয়। এ ঘটনায় আহত আতিকুর রহমানের চাচা মো. খলিলুল রহমান খান বাদল মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আরো পড়ুন:

থানায় দায়ের করা অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। 

ঘটনার বিষয়ে চিত্রনায়ক ওমর সানী জানান, মূলত নানরুটি পরিবেশন নিয়ে অসন্তোষ থেকেই কর্মচারী লিখনের সঙ্গে এক গ্রাহকের তর্ক শুরু হয়। পরে বিষয়টি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে নারী ক্রেতার সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই কর্মী। 

ওমর সানী বলেন, “ঘটনাটি প্রথমে রেস্তোরাঁর ভেতরে শুরু হলেও পরে বাইরে গিয়ে মারামারিতে রূপ নেয়। সেখানেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।” 

নানরুটি প্রস্তুতকারক কারিগরের সংকট থাকায় স্থানীয় এক ব্যক্তির পরামর্শে লিখনকে সাময়িকভাবে কাজে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও জানান এই নায়ক। 

এদিকে, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঘটনার দায় না এড়িয়ে ওমর সানী বলেন, “একজন কর্মচারীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” প্রতিষ্ঠানের মালিক হিসেবে তিনি মনে করেন, “গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার গুরুতর অপরাধ এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়